খবরাখবরে নেই আর, গড়াতে গড়াতে সন্ধ্যা
অভ্যস্ত হয়ে গেছে রাতপোশাকে, ফাঁকা চেয়ারের
পায়ে উলটানো চটির ছায়া, একাকী টেবিলে
ছক কাটে বিগত দিনের মায়া-জ্যোৎস্না, ভোরের
স্বপ্ন থেকে সরে সরে যায় চেনা অবয়বটুকু, শুধু
আচমকা উল্কাপাতে আকাশের গায়ে জেগে থাকা
দাগখানি মাঝে মাঝে আমাদের বিস্মৃতির সাথে কিছু
বিষাদের তিল-তুলসি, মধু ও দুধের মায়া মিশিয়ে
বারোটি পিণ্ডকে হাতছানি দেয়,
কোনো অলৌকিক সিনানের দিকে …

