হেমন্ত আসলেই কবি জীবনানন্দের কথা মনে পড়ে। মনে পড়ে সেই অদ্ভূত চলে যাওয়ার কথা। বেখেয়ালি কবি হেঁটে চলেন শহরের বুকে। স্বপ্নদৃষ্ট কবি বিভোর তাঁর কল্পিত স্বর্গে। ট্রাম হর্ন দেয়। কবি ফেরেন না। সেই কল্পিত স্বর্গ থেকেই কবি পাড়ি দেন চিরন্তন মহাপ্রস্থানের পথে।
হেমন্তের পাতারা সম্বৎসরের স্মৃতি বুকে নিয়ে টুপটাপ ঝরে পড়ে মাটিতে। ঝরে পড়াটাই তাদের একমাত্র নিয়তি। এই যে চির অভ্যস্ত, চিরচেনা থেকে হঠাৎ অচেনা পথের ডাকে পা বাড়ানো মানুষগুলো এরা কি শোনে সেই অলিখিত আহ্বান? কী ছিল সেই ডাকে যা শুনে নবদ্বীপের প্রথাভাঙ্গা মেধার শিরোমণি সুপণ্ডিত, অস্পৃশ্যতার নিগঢ়ে আবদ্ধ তৎকালীন সমাজে সাম্যের ডাক দেওয়া এক যুবক, অত্যন্ত সুদর্শন নিমাই পণ্ডিত, সংসার ভাসিয়ে পথে নামলেন। সেও কি কোন এক হেমন্তের কুয়াশামাখা ধূসর ভোরে!
ওদিকে লেবু ফুলের মিষ্টি গন্ধে ছোট বোনটির ঘুম আসে না। সে জানে না তার শোলোক বলা কাজলা দিদি আর কোনদিনও তাঁর কাছে ফিরে আসবে না। জানে না বলেই সে মাকে জিজ্ঞেস করে দিদি কোথায় গেছে ? সন্তানশোকে আবিল মা তার অবুঝ ছোট্ট সন্তানটির কাছে নিয়তির এই অমোঘ খেলার কথা বলতে পারেন না। তিনি আঁচল দিয়ে চোখ ঢাকেন।
কেন যে এই হেমন্ত অপুর থেকে তাঁর চিরবন্ধুসমা দিদি দুর্গাকে অচিন দেশে নিয়ে যায়! কেন যে হেমন্ত রাজার চিঠির লোভ দেখিয়ে অমলকে ঘুম পাড়িয়ে দেয়! হেমন্তের ধান কেটে নেওয়া রিক্ত মাঠগুলিতে সাজু রূপাই -এর দীর্ঘশ্বাস আজও গ্রাম বাংলায় কান পাতলে শোনা যায়। বিসর্জিত পুজো মণ্ডপের একাকীত্ব হেমন্ত ছাড়া কেই-বা বুঝবে।
সপ্তপর্ণীর গন্ধে মাতোয়ারা বিষন্ন হেমন্ত প্রকৃতি জুড়ে কাটাকুটি খেলে। জঠরে শীতকে আগলে আসন্নপ্রসবা হেমন্ত নবান্নের মধ্যে দিয়ে ওমের খোঁজ করে।
কবি হেঁটে চলেন। পেছনে ট্রাম।
নিমাই হেঁটে চলেন সামনে সমুদ্র।
অমল ঘুমিয়ে পড়লে আসে রাজার চিঠি। মাকে চির অপেক্ষায় রেখে অপু শহরে এসে পৌঁছয়।
কাজলা দিদি এলে পুতুলের বিয়ে দেবে বলে বোনটি অপেক্ষা করে।
হেমন্ত আসলে আমাদের অপেক্ষা করতে শেখায়। যার জীবনে যা সব থেকে বেশি কাঙ্খিত তার অপেক্ষা। কখনও অপেক্ষার শেষে অভীষ্ট পূরণ হয়। আবার কখনও মৃত্যু এসে ‘অপেক্ষা’কে শেষ করিয়ে দেয়। কিছু কিছু চলে যাওয়া শুধুমাত্র চলে যাওয়া হয় না সেই চলে যাওয়াগুলো মহাপ্রস্থানের পটভূমিকা তৈরি করে। হেমন্তও তেমনি। বিবর্ণ, রিক্ত, ধূসর প্রকৃতি অকাল বৈধব্যের বেশে শীতকে স্বাগত জানায়।

