মা মনসার পুজো বাংলার প্রতিটা জেলায় হয়ে থাকে। আধ্যাত্বিক চেতনার পাশাপাশি বাঙালির সাংস্কৃতিক মননে আজও জড়িয়ে রয়েছেন মা মনসা। পটচিত্রের পাশাপাশি মা মনসার মহিমা বর্ণিত হয়েছে বাংলার গ্রামীণ যাত্রাপালায়। আজকের বিশ্বায়নের এই বিশ্বায়িত পৃথিবীতে গ্রামীণ বাংলার হাতে গোনা যে কটি যাত্রার দল মা মনসার পালাকে টিকিয়ে রেখেছেন তাদের মধ্যে অন্যতম হলো রাধানাথ মন্ডল রং পাঁচালী সম্প্রদায়। পূর্ব মেদিনীপুর জেলার বাজকুলের কপ্টাবাড়ি গ্রামের এই দল বাংলা চিরাচরিত সনাতনী ঐতিহ্যকে শত প্রতিকূলতার মধ্যেও টিকিয়ে রেখেছে।

এই যাত্রা দলের প্রধান মানস মন্ডলের কথায় প্রতিবছর সরস্বতী পুজো থেকে শুরু করে জৈষ্ঠ মাস পর্যন্ত মা মনসার পালা বিভিন্ন গ্রামাঞ্চলে অভিনীত হয়ে থাকে। এই যাত্রার দলটি তার স্বর্গত পিতা রাধানাথ মন্ডল প্রায় ৫০ বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন। স্থানীয় অভিনেতাদের সহযোগিতায় আজও এগিয়ে চলেছে এই যাত্রার দলটি। দলের প্রধান গায়ক সুব্রত মাইতি জানিয়েছেন, মা মনসার যে পালা বা যাত্রা হয়ে থাকে তার নাম ” সতী বেহুল “। পাঁচ অঙ্কের এই পালায় ৩৫টা গান রয়েছে। পালার মূল ভিত্তি কেতকা দাসের মনসামঙ্গল কাব্য। পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এমনকি প্রতিবেশী রাজ্য ওডিশার বালেশ্বরেও ” সতী বেহুলা ” পালাটি তারা মঞ্চস্থ করেছে। আগে যেখানে মাসে ১০ থেকে ১২টা মা মনসার পালা হতো সেটি বর্তমানে বৃদ্ধি পেয়ে ২৫ থেকে ৩০ টি হয়েছে। মা মনসার যাত্রাপালায় ন্যূনতম বারোজন অভিনেতা প্রয়োজন হয়ে থাকে। একজন অভিনেতা অনেক সময় পোশাক বদলে একাধিক চরিত্রে অভিনয় করে থাকেন। গ্রাম বাংলার যাত্রায় সংগীতের বিশেষ ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রেও তার প্রতিফলন লক্ষ করা যায়। দলের প্রধান গায়ক সুব্রত মাইতির কথায় মা মনসার যাত্রাপালায় বাদ্যযন্ত্র হিসেবে টিকরা, ঢোল, তবলা, নাল, করতাল, আর সুরযন্ত্র হারমোনিয়াম ও সিন্থেসাইজার ব্যবহার করা হয়ে থাকে। মূল মঞ্চের দু দিকে যন্ত্রশিল্পী এবং গায়ক গায়িকাটা বসে থাকে। অনেক সময় যাত্রা চলাকালীন গায়করা গান গাইতে গাইতে নিজের জায়গা ছেড়ে মূল মঞ্চের দিকে উঠেও আসে। আবার মঞ্চে যারা অভিনয় করছে তারাও যাত্রার চিত্রনাট্য অনুযায়ী গান গেয়ে থাকে। অভিনেতা-অভিনেত্রীদের জন্য আলাদা করে কোনও প্রকার মেকআপ আর্টিস্ট থাকে না। কস্টিউম ডিজাইনারও আলাদা করেনি। শিল্পীরা নিজেদের মতো করে চরিত্র অনুযায়ী নিজেদেরকে সাজিয়ে তোলে। দলের তরফ থেকে পোশাকের ব্যবস্থা করা হয়। পারিশ্রমিকও কখনো এক থাকে না। কখনও তা বেশি হয় আবার কখনও কম।

যাত্রার মরশুমের ঠিক আগে অর্থাৎ ভাদ্র মাসে আয়োজন করা হয় রিহার্সালের। প্রথম দিন দলের প্রধান অভিনেতাদের ডেকে বুঝিয়ে দেয় কে কোন চরিত্রে অভিনয় করবে। সেই অনুযায়ী তাদের সংলাপ দেওয়া হয়। মা মনসার যাত্রার সঙ্গে যুক্ত প্রতিটা শিল্পীকে ১০ থেকে ১২ দিন সময় দেওয়া হয় পাঠ মুখস্থ করার জন্য। এরপর সকলে মিলে একটি জায়গায় সমবেত হয়ে অনুশীলন বা রিহার্সাল শুরু করে থাকে। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত রিহার্সালের পর এক ঘণ্টার টিফিনের বিরতি। এরপর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে অনুশীলন। তারপর মধ্যাহ্নভোজ ও বিশ্রাম। বিকেল ৪ টে থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত যাত্রায় যারা গান গাইবে তাদের অনুশীলন চলতে থাকে। এরপর ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের শুরু হয় অনুশীলন। মাঝে আধঘন্টা বিরতি দিয়ে রাত্রি ১২টা পর্যন্ত চলতে থাকে রিহার্সাল। তারপর রাতের খাওয়া। এইভাবে টানা ১০ দিন রিহার্সাল চলে। ১১তম দিনে মুক্ত মঞ্চ তৈরি করে ফাইনাল রিহার্সাল হয়। একে যাত্রাশিল্পে ওপেনিং শো বলেও অভিহিত করা হয়। এই ভাবেই জন্ম নেয় মা মনসার যাত্রাপালা।
মা মনসার যাত্রাপালায় কোন দৃশ্যটি একজন অভিনেতাকে তৃপ্তি দেয়? এই প্রশ্নের উত্তরে যাত্রাদলের অন্যতম সদস্য এবং অভিনেতা নৃপতি শী জানিয়েছেন, বিবাহবাসরের মধ্যে লখিন্দরের সর্পাগাতে মৃত্যুর দৃশ্য মনের গভীরতম কোণকে শোকে স্পর্শ করে যায়। সেই দৃশ্যে বেহুলা, চাঁদ সওদাগর, নেড়া, সনকা মলিন বদন ও মুখের করুণ অভিব্যক্তির সঙ্গে আবহঙ্গীতের করুণ সুর ও শোকাতুর বেহুলার কণ্ঠে গান প্রতিটি দর্শকের চোখ ভিজিয়ে দিয়ে যায়। এরপর মৃত স্বামী লখিন্দরকে ভেলার মধ্যে নিয়ে বেহুলা নদীতে ভেসে যায়। গদায়ারিঘাট পেরিয়ে নেতা ধোপানির ঘাট হয়ে দেব সভায় উপনীত হয় বেহুলা। মৃত স্বামীর শরীরে প্রাণদানের আকাঙ্ক্ষায় উন্মাদের মতো নৃত্য করতে থাকে বেহুলা। যাত্রার মঞ্চে এই দৃশ্যকে শিল্পীরা নিজেদের অভিনয় ও সঙ্গীতের মুন্সিয়ানায় এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। মানুষের মনকে স্পর্শ করে এই সকল দৃশ্য।

মা মনসার চরিত্রের নাম ভূমিকায় অভিনয় করেন সুলেখা দাস। তার কথায় এই চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে করেছি বারে বারে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া শিব মন্দির পুজো কমিটির দুর্গাপুজোর থিম ছিল মা মনসা। সেখানে মন্ডপের ভেতর আলাদা করে মঞ্চ তৈরি করে মা মনসার পালা হত। অভিনয় দেখে প্রশংসা করেছিলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের হলদি নদীর ধারে নরঘাট নরগ্রামের বাসিন্দা সুলেখা দেবী মাত্র সাত বছর বয়স থেকে যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত। জীবনের প্রথম অভিনয় ” বস্তাবন্দী বধূর লাশ “। তিনি আরো জানিয়েছেন মা মনসার নাম ভূমিকায় অভিনয় করে অদ্ভুত এক অনুভূতি মনের অন্তরে সৃষ্ট হয়। যাত্রাপালা শেষ হয়ে গেলে দর্শকরা যখন প্রণাম করতে আসে তখন মনে হয় অভিনয়টা ভালো হয়েছে। মনসামঙ্গল যাত্রার পাশাপাশি উক্ত যাত্রা দলের তরফ থেকে শীতলামঙ্গল, চন্ডীমঙ্গল ষষ্ঠীমঙ্গল ও কালীমঙ্গলের পালার আয়োজন করা হয়ে থাকে। এই প্রতিটি পালার নাম ভূমিকায় তিনি অভিনয় করে থাকেন। অর্থাৎ প্রতিটি দেবী চরিত্রকে নিজের অভিনয় আলোকিত করে থাকেন শিল্পী।

কিন্তু যাত্রা দলের নামে ” পাঁচালী সম্প্রদায় ” কথাটি কেন লেখা রয়েছে সেই প্রশ্নের উত্তরে দলের প্রধান গায়ক সুব্রত মাইতি জানিয়েছেন, পাঁচালী কথাটির মধ্যে পাঁচ কথাটা রয়েছে। অর্থাৎ পাঁচজনে মিলে যা পাঠ করা হয়। অনেক সময় যাত্রা ছাড়াও মনসামঙ্গল পাঠ করার আমন্ত্রণ আসে। সেক্ষেত্রে পাঁচজন এই পাঠ করে থাকে। পাঁচের বেশি ছয় হয় না। সেখানে মঞ্চের কোন স্থান নেই। শিল্পীর কন্ঠই ভরসা। তার সঙ্গে যোগ্য সঙ্গত দেওয়ার জন্য রয়েছে খোল, করতাল। পাঁচালী আদতে পাঁচ লোকের মুখে দশজনের কথা।

এই সকল শিল্পীদের কথায় বছরে মাত্র চার মাসই হচ্ছে যাত্রার মরসুম। বছরের বাকি সময়টা ছোটখাটো ব্যবসা করে অর্থ উপার্জন করতে হয়। আগে লোকসঙ্গীত হিসেবে ভাতা ছিল। বর্তমানে তা বন্ধ হয়ে গেছে। আধুনিক প্রশিক্ষণের অভাব রয়েছে।
উল্লেখ করা যেতে পারে টেরাকোটা প্রকাশনীর মনসা সংখ্যায় মনসা যাত্রার উদ্দেশ্য সম্পর্কে গবেষক মেঘদূত ভুঁই জানিয়েছেন মূলত মনসার মাহাত্ম্য প্রচার, সর্প ভয় নিবারণ, জাতি ভেদাভেদ দূর করা, সাধারণ মানুষ যাতে দেবতাকে ঘৃণা ও তাচ্ছিল্য না করতে পারে সেই উদ্দেশ্যেই মনসা যাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে।

