কিংবদন্তি সেতারশিল্পী পদ্মশ্রী পণ্ডিত মণিলাল নাগ

মার্গ সঙ্গীত জগত চিরতরে হারাল এক অমূল্য ‘মণি’

দীপাবলির আলো নিভতে না নিভতেই সুরের আকাশে এক নক্ষত্রপতন ঘটে গেল। সাতাশি বছর বয়সে চলে গেলেন কিংবদন্তী সেতারশিল্পী পদ্মশ্রী মণিলাল নাগ। আক্ষরিক অর্থেই ‘মণি’হারা হল শাস্ত্রীয় সংগীতের জগত।

পন্ডিত মণিলাল নাগ রবিশঙ্কর ও বিলায়েত খাঁর প্রায় পরবর্তী প্রজন্মের সেতারশিল্পী ছিলেন। কিন্তু একেবারে অল্প বয়স থেকেই শাস্ত্রীয় সংগীতের আসরে সেতার পরিবেশন করায় পূর্বসূরীদের প্রায় সমসাময়িক সময়ের শিল্পী হয়ে উঠেছিলেন। বিশেষ করে বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদাঙ্গের ‘’বাজ’ দিয়ে এক স্বতন্ত্র ঘরানার স্বাক্ষর রেখেছিলেন। যা তাঁকে আলাদা পরিচিতি দিয়েছিল।

দীর্ঘ আলাপ পর্বে তাঁর বাজানো ভোরের ‘ললিত’ , সাঁঝের ‘বাগেশ্রী’ বা মধ্য রাতের ‘মালকোশ’ যাঁরা শুনেছেন তাঁরাই অনুভব করতে পারবেন কীভাবে সুরের মণি মানিক্য তিনি বিলিয়ে দিতেন শ্রোতাদের কাছে। মিড়ের কাজে কীভাবে তৈরি হত সুরের মায়াবুনন। যার জাল কেটে বেরোনো এক জীবনে সম্ভব নয়। সেই সুরের চৰ্চা না থাকলেও বা শ্রুতি অস্পষ্ট হয়ে কান থেকে হারিয়ে গেলেও তা যেন কেমন করে রয়ে যায় প্রাণবীনার তরফের তারে। তারপর কোনো সময় কখনও আঘাত লাগলে সেই ছেঁড়া তারেও ঝংকার লাগে। তা বেজে ওঠে। বন্দিশের সঙ্গে তানকারির পর্বে সরগমের যে স্পষ্টতায় তিনি বাজাতেন তা বোধহয় এক অন্ধকেও সূর্যগমনের ধারণা দিত। বোঝা যেত দিগন্তে কীভাবে আলোর আরোহণ -অবরোহণ হয়। ঝালা পর্বে কেবল স্বরের দ্রুতিই নয়, সুরের দ্যুতি দিয়ে তিনি আচ্ছন্ন করে ফেলতেন। তেহাই- এর শেষেও কাটত না সেই আচ্ছন্নতা। এভাবেই সুরের ইন্দ্রজাল রচনা করতেন পন্ডিত মণিলাল নাগ।

​১৯৩৯ সালের ১৬ আগস্ট বাঁকুড়ায় জন্ম নেওয়া পন্ডিত মণিলাল নাগ সঙ্গীত সাধনাকেই তাঁর জীবনের ব্রত করে নিয়েছিলেন। তাঁর পিতা ও গুরু গোকুল নাগের পদাঙ্ক অনুসরণ করে তিনি সেতারের তারে ফুটিয়ে তুলতেন অমৃতের সন্ধান।

১৯৫৩ সালে চোদ্দ বছর বয়সে অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে প্রথম জনসমক্ষে আত্মপ্রকাশের পর থেকেই তিনি দেশ-বিদেশে বাংলা তথা ভারতের নাম উজ্জ্বল করেছেন। আমৃত্যু সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ এর সভাপতি ছিলেন ।

​আই.সি.সি.আর-এর আমন্ত্রণে যুক্তরাষ্ট্র, ইউরোপ কিংবা অস্ট্রেলিয়ার জলবায়ু ছাড়িয়ে তাঁর সেতারের সুর বিশ্বমঞ্চে ছড়িয়ে পড়েছিল। আকাশবাণীর ‘এ গ্রেড’ শিল্পী হিসেবে এবং দীর্ঘকাল আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমির সঙ্গে যুক্ত থেকে তিনি শাস্ত্রীয় সঙ্গীতকে সমৃদ্ধ করে গেছেন। তরুণ প্রজন্মকে এই শিল্পে দীক্ষিত করতে তাঁর কন্যা মিতা নাগসহ অসংখ্য শিক্ষার্থীকে তিনি রেখে গেছেন তাঁদের সেতারের সুরে।

​সঙ্গীত জগতে তাঁর অনন্য অবদানের জন্য তিনি ভারত সরকারের মর্যাদাপূর্ণ পদ্মশ্রী (২০২০), সংগীত নাটক অকাদেমি পুরস্কার (২০০১)-এর পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গভূষণ (২০১৫), আলাউদ্দিন পুরস্কার (২০১২) ও বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।

​আজ মণিলাল নাগের প্রয়াণে সংগীত জগতে এক গভীর শূন্যতা তৈরি হল। কিন্তু তাঁর সুর ও সাধনার যে মণি মানিক্য দিয়ে শাস্ত্রীয় সংগীতের ভান্ডারটি পূর্ণ করে দিয়ে গেলেন, তা কোনোদিন শূন্য হওয়ার নয়।

সাউথ সিঁথিতে তাঁর ‘দেবগান্ধার’ বাড়ি থেকে শেষযাত্রার আগে এদিন শিল্পী মণিলাল নাগের নিথর শরীরের পাশেই রাখা ছিল তাঁর বাজানো প্রিয় সেতার। হয়তো সেই বিচ্ছেদ মুহূর্তে যন্ত্রটিও বলে উঠেছিল
… লহ গো লহ তুলে/ উঠিবে বাজি তন্ত্রীরাজি/ মোহন অঙ্গুলে…।