bengali story

অতলান্তক

কাকভোরে ঘুম ভাঙে তিয়ার৷ তারপর স্নান, পুজো আর দুটো টোস্ট খেয়েই স্কুল৷ বালিগঞ্জ প্লেস থেকে গড়িয়াহাট– হাঁটা পথই বলা যেতে পারে৷ কিন্তু মাঝেমধ্যেই পুরনো রিকশাওয়ালা যখন— চলিয়ে না বৌদি বলে কাকুতিমিনতি করে, তখন ওদের খুশ করবার জন্যই দ্বিচক্রযানে উঠতে হয় তিয়াকে৷

তবে শীতকালটা ওদের চোখ এড়িয়েই হাঁটা দেয় তিয়া৷ রোজই স্কুলের কাছাকাছি এসে চোখে পড়ে দুটি ডালমেশিয়ান নিয়ে ঘুরছে এক যুবক৷ পাড়া-বেপাড়ায় তিয়ার পশুপ্রেমিকা বলে খ্যাতি আছে৷ বাড়িতেও আছে৷ রাস্তা থেকে আহত অবস্থায় তুলে আনা ফুচকা৷ একটু আধটু কামড় খেতে হলেও তিন বচরের ফুচকা তিয়ার প্রাণ৷ এহেন পশুপ্রেমিকার অমন সুন্দর দুটি ডালমেশিয়ান দেখে তাদের মালিকের সঙ্গে আলাপ করবার লোভ হতেই পারে৷

— ভারি সুন্দর তো আপনার ডগি দুটো৷ কী নাম ওদের?

— ম্যাগি আর নুডলস্৷ আপনাকে রোজই প্রায় দেখি৷ তিয়াদের স্কুলের দিকে আঙুল দেখিয়ে বলল — ওখানে পড়ান বুঝি!

— ঠিকই ধরেছেন৷ আমি আয়ুষ্মতী সেন৷

— আমি অরবিন্দম্৷

— ও দক্ষিণী৷

— বাঃ৷ ম্ থাকলেই দক্ষিণ! ঘটম্‌ মৃদঙ্গমের মতন! আমাকে অরো বলে ডাকবেন৷ আমি কিন্তু আয়ুষী বলব৷বাব্বা, অতবড় নাম৷

চকিতে কে যেন আয়ুষ্মতীর মনকে ছুঁয়ে‍ চলে গেল৷ রোজই প্রায় সকালে দু’জনের দেখা হয়৷ গল্প৷ বেশিরভাগই সারমেয়কেন্দ্রিক৷ কিছুদিনের মধ্যেই দু’জনের মধ্যে গড়ে উঠল এক মিষ্টি বন্ধুত্ব৷ হোক না অসমবয়সি৷ অরো আয়ুষীর একমাত্র সন্তান রাইয়েরই সমবয়সি৷ রাইয়ের বিয়ে হয়েছে বছর তিনেক৷ আগে কলকাতায় ছিল৷ বছর দেড়েক মুম্বাইতে৷ রাই এয়ারটেলে আছে৷ জামাই রেহান একটা অ্যাড এজেন্সিতে৷ দু’মাস হল ওদের একটি কন্যাসন্তান প্রাপ্তি হয়েছে৷ রায়না৷ আর আয়ুষী হয়েছে দিদুয়া৷ রাইয়ের সঙ্গে রোজই আয়ুষীর কথা হয়৷ ফোনে৷ ও অরোর ব্যাপারে সব জানে৷ বিস্তারিত৷

মাঝে মাঝেই বলে‍— তোমার ছেলেই হয়ে গেল বোধহয়৷

রাই যখন তিন বছরের তখন হঠাৎই অপু চলে যায়৷ রাইয়ের বাবা৷ তিয়ার তখন মাত্র পঁচিশ৷ সচ্ছলতা ছিল তাই রাইকে মানুষ করতে তেমন অসুবিধা হয়নি৷ তবে প্রতিকূলতা ছিল পদে পদে৷ সেই সব পেরিয়ে আয়ুষী এখন পঞ্চাশের দোরগোড়ায়৷
অরোর সঙ্গে এখন আয়ুষীর সপ্তাহে তিন-চারবার দেখা হয় বিকেলেও৷ কখনও আয়ুষীর বাড়িতে৷ কখনও কফিশপ৷

শনি‍-রবিবার স্কুল ছুটি৷ অরো বলে ওটাই পুষিয়ে নেওয়া৷ নাটক সিনেমাও দেখা হয়৷ প্রচণ্ড বই পড়ার নেশা দু’জনেরই৷ আয়ুষী বাংলা বইয়ের ভক্ত৷ অরো কিন্তু ডি.এইচ. লরেন্স, মম, জেন অস্টেনের প্রচুর বই পড়ে৷ আবার বিক্রম শেঠ, চেতন ভগত, অমিতাভ ঘোষও৷ তিয়ার সঙ্গে রীতিমতো জ্ঞানগর্ভ আলোচনা হয় বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, মানিক, তারাশঙ্কর নিয়ে৷ মাঝে মধ্যেই আয়ুষী উপহার পায় সুনীল, শীর্ষেন্দু, জয় গোস্বামীর সদ্য প্রকাশিত বই৷ সাহিত্যের প্রতি অরোর এই অনুরাগ দেখে তিয়া বিস্মিত হয়৷ এমন অ্যাপ্রোপিয়েট জায়গায় জীবনানন্দ, বিষ্ণু দে‍-কে টেনে নিয়ে আসে, তিয়া সচকিত হয়ে ওঠে৷

— আচ্ছা অরো৷ সারা দিনরাত বই পড়েই কাটাবে? এর বাইরে কোনও জগৎকে চিনবে না?

— কেন! বাবা, মা, তুমি, ম্যাগি, নুডল্স, ইন্টারনেট— আমার কত বড় জগৎ তুমি জান না৷

— বিয়ে করতে হবে না!

বেকার ছেলের সঙ্গে কেউ বিয়ে দেবে?
— করব না৷ কেন, বিয়েকে কি তুমি একটা দারুণ অ্যাচিভমেন্ট মনে করো!

আয়ুষী চুপ করে যায়৷ অরোর সব বিষয়েই ব্যাপক জ্ঞান৷ কিন্তু বড় অ্যারোগেন্ট৷

১০ অক্টোবর৷ তিয়ার জন্মদিন৷ অনেক ফুল, শুভেচ্ছার জোয়ার৷ বিকেলে অরো এল৷ তিনটি সিডি নিয়ে৷ বিলায়েৎ খাঁ, হ্যারি বেলা ফনটে আর হরিহরণ৷ আয়ুষী কি একটু চমকে গেল! সঙ্গে একরাশ খাবার৷ অরোর মা পাঠিয়েছেন৷

— নাও আমার ফোন থেকে ফোনে থ্যাংকস জানাও৷ অরো ফোন এগিয়ে দেয়৷

অরোর কাছেই আয়ুষী শুনেছে তাদের ভারি সুখী পরিবার৷ বাবা, মা আর ছেলে৷ বাবা বিশাল পোস্টে আছেন কোনও বেসরকারি সংস্থায়৷ মাঝে মাঝে চোখ ফেটে জল আসে আয়ুষীর৷ কী দরকার ছিল অপুর বিনা নোটিশে সাত তাড়াতাড়ি চলে যাওয়ার! রাই তো বুঝলই না পিতৃস্নেহ কাকে বলে৷

স্কুলে সেদিন চারতলা থেকে নামতে গিয়ে আয়ুষী পায়ে চোট পেল৷ গোড়ালিতে হেয়ারলাইন ফ্র্যাকচার৷ ছ’সপ্তাহ স্কুলে মেডিক্যাল লিভ নিতে বাধ্য হল৷ হাঁটাচলা খুব কম এবং খুব সাবধানে৷
বাড়িতে একটানা বসে থাকতে কি কারও ভালো লাগে! চব্বিশ ঘণ্টার কাজের লোক কবিতার সঙ্গে কাঁহাতক কথা বলা যায়৷ ল্যাপটপে একে ওকে মেল পাঠায়, চ্যাট করে৷ গান শোনা, পড়াশোনাও চলতে থাকে৷ অরো প্রায় দিনই সকাল-বিকেল আসে৷ মাঝে মাঝে আয়ুষীর মনে ইদানীং একটা ভয় চেপে বসছে৷ ওকে কি অরো অন্য চোখে দেখে৷ আজকাল এমন সম্পর্কের কথা তো শোনাই যায়৷ কিন্তু তিয়ার মনে কোনও পাপ নেই৷
এর মধ্যে কতবার অরোর মা নানারকম খাবার করে পাঠিয়েছেন৷

আয়ুষীও একদিন কবিতাকে নিয়ে চালতার টক, চিতল মাছের মুইঠ্যা, তেলকই পাঠিয়েছিল৷ এসব খাবার একজনের বড় প্রিয় ছিল৷ তোলপাড় করা সেই ভালবাসায় আয়ুষী পাগল হয়েছিল৷ মনে পড়ে মোহরকুঞ্জে হাতে হাত রেখে চুপচাপ বসে থাকা, ডোভার লেনে সারারাত জেগে গানের আসর, ইতিউতি ঘুরে বেড়ানো, তার স্পর্শ, হঠাৎ হঠাৎ পাগলামি৷

ক’দিন হল অরো বেপাত্তা৷ ফোনে কোনও সাড়া নেই৷ ওর মা-বাবার নম্বরও তো জানা নেই৷ কী করবে আয়ুষী! আয়ুষীর পা ভালোর দিকে৷ ডাক্তার দেখিয়েছে৷

সেদিন দুপুরে অসময়ে মোবাইলটা বেজে উঠল৷ — গড়িয়াহাট থানা থেকে বলছি৷ আপনাকে একটু দরকার৷ আসতেই বলতাম, কিন্তু শুনলাম আপনি অসুস্থ৷ বিকেল পাঁচটা নাগাদ আমাকে একটু সময় দিতে হবে৷ আমি ও.সি. গড়িয়াহাট থানা, প্রদ্যুম্ন সরকার৷

আয়ুষী ভেবে থই পায় না৷ হঠাৎ পুলিশ কেন! সিক্সথ সেন্স বলে অরোর কোনও ব্যাপার কী!
ঠিক বিকেল পাঁচটা ছাব্বিশ৷ কলিং বেল বাজল৷ কবিতা দরজা খুলে দিল৷ তিয়া বুঝল প্রদ্যুম্ন সরকার৷ সঙ্গে আরও একজন অফিসার৷ ড্রইংরুমে বসাল৷
— বলুন৷ একরাশ বিস্ময়, উৎকণ্ঠা, আশঙ্কা নিয়ে প্রশ্ন করল আয়ুষী৷

— আপনি বোধহয় জানেন না অরো মানে অরবিন্দম্ আজ দশদিন হল নিখোঁজ৷

তিয়া কী শুনছে! অরো নিখোঁজ! কেন! —

বাড়িতে কাজকর্ম করার জন্য একটু প্রেসার দেওয়া হচ্ছিল৷ এটাই কারণ ধরে নেওয়া হয়েছে৷ ওর বাবা থানায় মিসিং বলেই ডায়েরি করেছেন৷ ফোন আছে কিন্তু সিম কার্ড নেই৷ ছোট্ট একটা ডায়েরিতে আপনার নাম, ফোন নাম্বার ছিল৷ যদি এ ব্যাপারে কিছু অলোকপাত করতে পারেন, সেই জন্যই আসা৷ অরোর বাবাই জানালেন আপনি অসুস্থ৷ আর ওর সঙ্গে আপনার প্রগাঢ় বন্ধুত্বের কথা৷
বিহ্বল আয়ুষী জানাল—

আজ প্রায় দশ-বারোদিন অরো আসেনি৷ ফোনও করেনি৷ ওরা বিদায় নিলেন৷

— যদি কোনও ইনফরমেশন পান প্লিজ জানাবেন মিসেস সেন৷ কার্ডটা রেখে গেলেন প্রদ্যুম্ন সরকার৷

রাইকে ভীষণভাবে মনে পড়ল৷ ওকে ফোন করে সব জানাল তিয়া, বিস্তারিত৷

রাই-ই বলল— একবার ওদের বাতেড়ি যাও মা৷ ওদের কী অবস্থা ভাবো তো! কিন্তু বাড়ি তো চেনে না আয়ুষী৷ কী ভেবে প্রদ্যুম্ন সরকারকে ফোন করল তিয়া৷ উনি ঠিকানা জানিয়ে দিলেন৷

পরদিন সকালেই ট্যাক্সি নিয়ে সোজা অরোদের বা৷ড়ি ছ’সপ্তাহের মধ্যে এই দ্বিতীয় দিন তিয়া বাইরে বেরল৷ একদিন ডক্টরের কাছে গিয়েছিল৷

সাবেকি আমলের বাড়ি৷ দোতলা৷ বাড়ির সামনে অনেকটা ফাঁকা জায়গা৷ কিছু গাছ-গাছালি এখানেই বেড়ে উঠেছে৷ কলিং বেল পুশ করতেই দু’মিনিট পরে যিনি এসে দরজা খুললেন তাঁকে‍ দেখে আয়ুষী স্তম্ভিত৷ এও কী হয়!

মনের কোণে জমে থাকা মেঘগুলো এই বুঝি ঝরিয়ে দেয় টুপটাপ বৃষ্টিধারা৷ প্রায় তিরিশ বছর পরে৷ অনীশ রাঘবন৷ আয়ুষ্মতীর কুমারী মনের অপহারক৷ নবীন যৌবনের প্রতি পলের জমা খরচের হিসাবরক্ষক৷ অনীশ হাতটা ধরে না নিলে আয়ুষী হয়তো পড়েই যেত৷

— তুমি! তুমি জানতে আমার কথা৷

অনীশ বলে‍— হ্যাঁ আয়ুষী৷ সব৷ অরো বলে যে৷ আরও জানি৷ তোমার মনের গভীরে একটা ছোট্ট বাসায় এখনও আছি আমি৷ অবচেতন মনে তাই পাঠাও আমার সব প্রিয় খাবার৷

আয়ুষীর হাত ধরে ধীরে ধীরে অনীশ ওকে ড্রইংরুমে বসাল৷ রথীন মিত্রর স্কেচে কলকাতা যেন চারদিক থেকে উঁকি‍ঝুঁকি‍ মারছে৷ মার্বেলের সেন্টার টেবিল৷ লাল মেঝে৷ আসবাবপত্রে একটু সাবেকিয়ানার ছোঁয়া ভারী নয়নসুখকর৷

— তোমার স্ত্রী আমার কথা জানেন?

তিয়ার প্রশ্নের উত্তরে অনীশ জানান— সব জানে৷ তোমার আমার সম্পর্কের কথা ছাড়া৷ তবে আয়ুষী, কর্মহীন, বেকার বলে যেদিন তোমার বাবা-মা আমাকে প্রত্যাখ্যান করেছি‍লেন, আমার অস্মি‍তায় সেই আঘাতটা বড় বেশি বেজেছিল৷ তাই হয়তো আজ আমি এইখানে পৌঁছেছি‍৷ আর সত্যি, উনিশ-কুড়ি বছর বয়সে কী ভরসাতেই বা তুমি বাড়ি ছাড়তে৷

বেল বাজল৷ অরোর মা এলেন৷ আয়ুষী চোখ ফেরাতে পারছিল না৷ এমন মমতাময়ী মাতৃমূর্তি সচরাচর চোখে পড়ে না৷

— আমি মেঘা৷ তুমি আয়ুষী তো৷ প্রদ্যুম্ন সরকার বলে রেখেছিলেন৷ তোমাকে বড় দেখার ইচ্ছে ছিল৷ অরোর বেস্ট ফ্রেন্ড৷

ঝকঝকে পোর্সিলিনের কাপে চা খেতে খেতে নানারকম গল্প৷ তিয়ার বারবারই মনে হতে লাগল অরো যে নিরুদ্দেশ ওদের দেখে তো তা মনে হচ্ছে না৷ কোনও কথাতেই অরো প্রসঙ্গ উঠছে না৷

— কী ভাবছ আয়ুষী? অরোর কথা! মেঘা বলল৷ — ও ফিরে আসবেই৷ কিছুদিন ধরে অনীশ ক্রমাগত কাজের কথা বলছিল তাই বাবাকে শাস্তি দিতে পালিয়েছে৷ আমাদের এত ভালবাসা, আদর, স্নেহ, ওর বইয়ের জগৎ ছেড়ে কোথায় থাকবে ও! আসবেই ও ফিরে৷

অনীশ বোধহয় কিছু বলতে যাচ্ছিল কিন্তু মেঘার পজিটিভ মনোভাব ওকে দমিয়ে দিল৷
— জানো আয়ুষী, তোমার সব কথা অরো যতটা জানে আমরাও ততটাই৷ নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে ভালবাসে৷ অথচ আমাকে ডাকে মেঘাম্মা আর অনীশকে রাঘবন৷ এত সৃষ্টিশীল চিন্তায় সারাক্ষণ আচ্ছন্ন থাকে আমরা থই পাই না৷ ভয় হয়৷ ও যেন এ জগতের নয়৷

অনেক গল্প করে তিয়া উঠল৷ কিন্তু বারবারই মনে হতে লাগল অরো চলে গেছে বলে সত্যিই কি ওদের একটুও চিন্তা নেই! ভালবাসার এতই জোর৷

বাড়ি ফিরে আয়ুষী আবার একা৷ দুয়ার ঠেলে আসা মনখারাপগুলোকে আয়ুষী মাঝে মাঝেই একটা ট্যাবলেট করে গিলে ফেলে৷ কিন্তু সহ্য না হলে তারাই আবার যখন দ্বিগুণ বেগে আক্রমণ করে তখন তিয়া দিশেহারা হয়ে যায়৷
রাতের খাওয়া সেরে ঘুমের বড়ি খায় আয়ুষী৷

আধো ঘুম, আধো জাগরণ৷ আয়ুষীর চারপাশ ঘিরে জুনিয়র ডাক্তাররা৷ — স্যার ওয়াটার ব্যাগ বার্স্ট করেছে৷ ডেটও পেরিয়ে গিয়েছে। আর কি অপে‍ক্ষা করা উচিত!

— না ও.টি. রেডি করো৷ আয়ুষী দেখে সে বেডে শুয়ে৷ ডানপাশে চাঁদপানা এক শিশু৷ হুবহু অপু৷ একমাথা চুল৷ কিন্তু বাঁদিকে‍ ও কে! বহুযুগের ওপার থেকে কে যেন আয়ুষীর মনের মরচে পড়া জলতরঙ্গে সুরের মূর্ছনা তুলে হারিয়ে গেল৷ বড় চেনা মুখ৷

কবিতার ডাকে ঘুম ভাঙল৷ স্বপ্ন! অদ্ভুত স্বপ্ন তো! অরো এলেই বলতে হবে৷ ও তো ফ্রয়েড পড়ে আবার স্বপ্ন বিশেষজ্ঞও বটে৷ কী যে অদ্ভুত এক ছেলে৷ এত প্রতিভা কিন্তু উদাসীন৷ স্বপ্নটা নাড়া দিতে থাকে৷ রাইয়ের জন্ম৷ তিয়ার জীবনে সবচেয়ে আনন্দঘন মুহূর্ত৷ কিন্তু অন্য জন৷ বড় চেনা মুখ৷

এর মধ্যে মেঘাদের বাড়ি আয়ুষী গেছে তিন-চারদিন৷ ম্যাগি নুডল্স তো ওকে পেলে ছাড়েই না৷ আয়ুষী স্কুলেও জয়েন করেছে৷ মাঝে মাঝে মনে হয় অনীশের ছেলে বলেই কি অরোর প্রতি এত টান৷ কিন্তু আয়ুষী তো সে কথা জানত না৷

ক’দিন রাইয়ের ফোন পায়নি৷ হয়তো খুব ব্যস্ত৷ রায়না কেমন আছে কে জানে! কাজের লোকটা ঠিকমতো কাজ করছে কিনা৷ এসব ভাবতে ভাবতেই মোবাইলে রাইকে কল করে ফেলল তিয়া৷ সুইচড্‌ অফ৷ রেহানের ফোনও৷ ভাবনার মেঘ ঘনীভূত হতে লাগল৷ কোনও বিপদ-আপদ নয় তো! কালই তন্বীকে ফোন করতে হবে৷ ও তো রাইয়ের অপিসেই আছে৷ ভাবল আয়ুষী৷

কেমন করে দিনগুলো কেটে গেল মনে পড়ে না তিয়ার৷ কত সহজে অরো আপনির বেড়া ডিঙিয়ে গেল৷ বন্ধু হল আবার হারিয়েও গেল৷
হঠাৎই মনে পড়ল আয়ুষীর৷ অরোর কথা ভাবতে ভাবতে কয়েকদিন যেন চেকই হয়নি৷ ল্যাপটপটা খুলল৷

দু’দিন আগে রাইয়ের একটা মেল৷ মা, অরো আমাদের কাছে৷ মুম্বইতে এসে ঠিক এয়ারটেলে কনট্যাক্ট করে আমাকে খুঁজে‍ বের করেছে৷ তুমিই বলেছিলে বোধহয়৷ আপাতত ও আমাদের বাড়িতে পেয়িং গেস্ট৷ হ্যাঁ মা— পেয়িং গেস্ট৷ রেহান ওর কথাবার্তায় ভীষণ ইমপ্রেসড্ হয়ে অরোকে ওদের অ্যাড এজেন্সিতে নিয়ে নিয়েছে৷ রীতিমতো গালভরা পোস্টে৷ কিন্তু ও স্ট্রিক্টলি বারণ করেছে তোমাদের কিছু জানাতে৷ তবে রেহান শিগগিরই ওকে কলকাতায় পাঠাবে৷ সাতদিনের লিভ স্যাংশন করে৷ কাউকে জানিয়ো না মা প্লিজ৷ সবাই থাকুক বিশাল এক সারপ্রাইজের অপে‍ক্ষায়৷ আমরা সবাই খুব ভাল আছি৷ রায়না খুব হাসতে শিখেছে৷ মাঝে মাঝে আমাদের তিনজনের সঙ্গে আড্ডাও মারে৷

ও, আরেকটা কথা৷ তোমার কথা অরোর মুখে সবসময়৷ কিন্তু কী বলে ডাকে জানো৷ আয়ুষী আম্মা৷ মা গো, ও কী সত্যিই তোমার ছেলে হয়ে গেল৷ কিছুতেই না৷ কক্ষনো না৷ তুমি যে আমার বাবা, মা স-ব৷

আয়ুষ্মতীর মেঘমেদুর মনটি নিমেষে রোদ্দুরে ঝলমল করে উঠল৷ মেঘগুলো আকাশপথে উড়ে গেল মুম্বইয়ের দিকে৷ আয়ুষীর বার্তা নিয়ে৷
— রাই৷ আমি শুধু তোমারই মা সোনা৷ অরোর তো মা আছেই৷ ওর মেঘাম্মা৷ আমি শুধুই অরোর বন্ধু— আর কিছ্ছু না৷ ওর খ্যাপামির দোসর৷