বাংলার চালচিত্র শিল্প বিলুপ্তির পথে ক্রমাগত এগিয়ে চলেছে। এমন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কয়েকজন এমন শিল্পীও রয়েছেন যাঁরা নিজেদের অধ্যাবসায় ও সাধনা দিয়ে এই শিল্পধারাকে বাংলার বুকে বাঁচিয়ে রেখেছেন। দুর্গাপুজো এলেই বাঙালির মনে হাতে আঁকা চালচিত্রের কথা মনে পড়ে যায়। কিন্তু দুর্গাপুজো ছাড়াও চালচিত্র অঙ্কনের প্রবণতা অন্যান্য পুজোগুলির ক্ষেত্রেও লক্ষ করা যায়। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল বাংলার আধ্যাত্মিক ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র নবদ্বীপে রাসযাত্রা উপলক্ষ্যে এখানকার শিল্পীরা চালচিত্র অঙ্কন করে থাকেন। মূলত তাদেরই হাতে চালচিত্র শৈলী আজও বেঁচে রয়েছে নবদ্বীপের বুকে।

রাসযাত্রায় নবদ্বীপের খ্যাতি বিশ্বজোড়া। আর সেই খ্যাতির নেপথ্যচারীদের মধ্যে অন্যতম হলেন এখানকার চিত্রশিল্পীরা।
যে সব শিল্পী নবদ্বীপের বুকে চালচিত্র তৈরির ধারাকে বাঁচিয়ে রেখেছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন চারিচারা বাজারের অর্ক দাস। বিশ্বভারতীর প্রাক্তনী বয়সে তরুণ এই শিল্পী নবদ্বীপের ব্যাদড়া পাড়ার শবশিবা মাতা এবং চারিচারা বাজারের ভদ্রকালী মাতার চালচিত্র অঙ্কন করে থাকেন। পরিশ্রমসাধ্য হলেও এই শিল্পকে ভালোবেসে চালচিত্রের ধারাকে অক্ষুণ্ন রেখেছেন।
তাঁর কথায় এক একটা চালচিত্র অঙ্কন করতে পাঁচ দিন সময় লাগে। অঙ্কনের ক্ষেত্রে আর্ট পেপার ব্যবহার করা হয়। মৃৎশিল্পীরা যে রঙ ব্যবহার করে প্রতিমাকে রাঙিয়ে তোলেন সেই রঙ তিনি চালচিত্র অঙ্কনের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। গোটা অঙ্কন প্রক্রিয়া তিনি একাই করেন। ব্যাদড়া পাড়ার শবশিবা মাতার উচ্চতা ২৪ থেকে ২৬ ফুটের মধ্যে। চওড়া ১৪ ফুট। চারিচারা বাজারের ভদ্রকালী মাতার উচ্চতা ২৬ থেকে ২৮ ফুট। ফলে এই বিশালাকায় প্রতিমার সঙ্গে সাযুজ্য বজায় রেখে চালচিত্র অঙ্কন করতে হয়। তাই দুর্গাপুজোর তুলনায় রাসযাত্রার চালচিত্রগুলো দৈর্ঘ্যে ও প্রস্থে অনেকটা বড় হয়। শিল্পীর কথায়, প্রতিমার উচ্চতা বিশালাকায় হওয়ার কারণে রাসযাত্রায় চালচিত্র অঙ্কনের ধারা আজও বজায় রয়েছে। এর কারণ হচ্ছে এত বড় চালচিত্র কম্পিউটার প্রিন্ট আউট বা ডিজিটাল পরিধিতে সম্ভব নয়। শিল্পীর পরিশ্রম ও সাধনায় এই বিশালাকায় চালচিত্রগুলো প্রাণবন্ত হয়ে ওঠে। রাসযাত্রার চালচিত্র অঙ্কনের মতো এই পরিশ্রমসাধ্য কাজ করে মাত্র দুই থেকে তিন হাজার টাকা সাম্মানিক পান তিনি। চালচিত্র অঙ্কনের ক্ষেত্রে বাংলার পরম্পরাগত পটচিত্র অঙ্কনের শৈলীকে তিনি অনুসরণ করে থাকেন।

নন্দলাল বসু এবং যামিনী রায়ের প্রসঙ্গ উল্লেখ করে অর্ক দাস জানিয়েছেন, বাংলার পরম্পরাগত পটচিত্রের যে শৈলী সেটা বর্তমান পরিস্থিতিতে দেখতে পাওয়া দুর্লভ। সেই শৈলীর ধারাকে পুনরুজ্জীবিত করে চালচিত্রর মধ্যে তুলে ধরেন তিনি । ফলে তাঁর অঙ্কিত চালচিত্রের প্রতিটি চরিত্রই ফেলে আসা বাংলার ঐতিহ্যের পটচিত্রের শৈলীর অনুপ্রেরণায় অঙ্কিত। তিনি আরও জানিয়েছেন রাসযাত্রায় চালচিত্রের মধ্যে কৈলাস পট অঙ্কিত হয়ে থাকে। অর্থাৎ চালচিত্রের মধ্যবর্তী স্থানে বা কেন্দ্রে বিরাজ করেন শিব ও দুর্গা। আর তাদের দুই দিকে অন্যান্য দেবদেবীরা বিরাজ করেন। চালচিত্রের ধরণ মূলত হয় মার্কিন চালির। শিল্পী অর্ক দাস চিরকালই শিল্পের মধ্যে থাকতে চেয়েছেন। আর সেই কারণে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি বিশ্বভারতীতে ভর্তি হয়েছিলেন। মধ্যবিত্তের আর্থিক অনিশ্চয়তার দোলাচলের ঊর্ধ্বে উঠে শিল্পে বিভোর হয়ে থাকার লক্ষ্যে তিনি ক্রমাগত কাজ করে চলেছেন। চালচিত্র অঙ্কন প্রক্রিয়ার ওপর আলোকপাত করতে গিয়ে তিনি জানিয়েছেন, “চালচিত্র আঁকার নিয়মই হচ্ছে। প্রথমে ড্রইং করে নেওয়া। তারপর ড্রইং অনুসারে বিভিন্ন জায়গা গুলোতে রঙ ভরাট করা। সেটা ফিগারও হতে পারে ব্যাকগ্রাউন্ড হতে পারে। সব একসঙ্গে রঙ ভরাট করা হয়। সেটা হয়ে গেলে শুরু তুলির দিয়ে রেখা ও বিন্দু দিয়ে চোখমুখ বর্ডার অন্যান্য ডিটেলিংগুলো করে কাজ শেষ করা হয়। এবার অবশ্যই বড় কাজের জন্য বড় বড় ব্রাশ লাগবে। আর ছোট কাজের জন্য ছোট ব্রাশ। তিনি বলেন রাসের বড় চালচিত্রের ক্ষেত্রে আমি তিন ফুটের চরিত্র এঁকেছি। আবার সরাচিত্রে এক সেন্টিমিটার এর চরিত্রও এঁকেছি। অনেক ক্ষেত্রে ড্রয়িং ছাড়াই সরাসরি শুধুমাত্র তুলির পোঁচেই চরিত্রের অবয়ব ধরা হয়। তারপর রেখার কাজ করে চরিত্রকে সম্পূর্ণ রূপদান করা হয়।”

অন্যদিকে নবদ্বীপের মহাপ্রভু পাড়ার বর্ষীয়ান শিল্পী তাপস ভট্টাচার্য চার দশকেরও বেশি সময় ধরে রাসযাত্রায় চালচিত্র নির্মাণের ধারাকে বজায় রেখেছেন। ১৯৭৭-৭৮ সালে তার জ্যেঠু অমলানন্দ ভট্টাচার্যের হাতে চালচিত্র নির্মাণের হাতেখড়ি হয়। সেই সময় রাসের সময় গৌরাঙ্গিনী মাতার প্রতিমা নির্মাণ করতেন মৃৎশিল্পী নাড়ু পাল। আর চালচিত্র তৈরীর দায়িত্বে থাকতেন অমলানন্দ ভট্টাচার্য। এই নির্মাণ প্রক্রিয়ায় জ্যেঠুর সহযোগী হিসেবে কাজ করতেন তাপস বাবু। তারপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন একজন বিশিষ্ট শিল্পী।

শিল্পীর কথায়, এ বছর যোগনাথতলার গৌরঙ্গিনীর পাশাপাশি, রাধাবাজারের রণকালী, হরিসভা পাড়ার ভদ্রকালী, স্টেশন সংলগ্ন ঘোষ পাড়ার নৃত্যকালী, চারিচারা ব্যানার্জি পাড়ার দেবী গোষ্ঠ, খড়ের গোলার ঢপওয়ালি মোড়ের বিন্দবাসিনী প্রতিমার চালচিত্র তিনি অঙ্কন করেছেন। চালচিত্র অঙ্কনের ক্ষেত্রে তিনি আর্থ কালার অর্থাৎ প্রতিমা রঙ করার সময় মৃৎশিল্পীরা যে রঙ ব্যবহার করে থাকেন। তার সঙ্গে গঁদের আঠা যাকে এরাবিয়ান গামও বলা হয়ে থাকে সেটিকে মিশিয়ে রঙ করার কাজ সম্পন্ন করা হয়। এতে চালচিত্রের মধ্যে থাকা চরিত্রগুলির উজ্জ্বলতা বৃদ্ধি পায়। হোয়াইট প্রিন্ট কাগজের ওপর চালচিত্র আঁকা হয়ে থাকে। প্রথমে পেন্সিল ব্যবহার করে চালচিত্রের চরিত্রগুলোর শরীরের আউটলাইন আঁকা হয়। তারপর রঙয়ের প্রক্রিয়া বিভিন্ন তুলির মাধ্যমে শুরু হয়। প্রতিমার বিশালাকায় উচ্চতার সঙ্গে সাযুজ্য বজায় রেখে চালচিত্র অঙ্কন করা হয়। ফলে চালচিত্রের উচ্চতাও বৃদ্ধি পায়। চালচিত্রের মধ্যে থাকা শিব-দুর্গার সর্বাধিক ৩২ ইঞ্চির প্রতিকৃতি তিনি অংকন করেছেন। এ বছর কোজাগরী লক্ষ্মী পুজোর সময় থেকে তাঁর চালচিত্র অঙ্কনের কাজ শুরু হয়েছে। অঙ্কনের ক্ষেত্রে সহযোগী হিসেবে তিনি পেয়েছেন শিল্পী দীপঙ্কর দেবনাথকে। চালচিত্রের চরিত্রগুলির বিন্যাস সম্পর্কে বলতে গিয়ে তাপস ভট্টাচার্য জানিয়েছেন, চালচিত্রের মধ্যবর্তী স্থানে বিরাজ করেন শিব-দুর্গা। তাদের দুই দিকে অন্যান্য দেবদেবীরা থাকেন। এই সকল দেবদেবীর মধ্যে রয়েছেন কৌশিকী, সিংহবাহিনী, রামের রাজ্যাভিষেক, শ্রীকৃষ্ণের লীলা মাহাত্ম্য, নারদ মুনি সহ অন্যান্য চরিত্ররা। চালচিত্রের মধ্যে থাকা একটি সাদা রঙের দালান বাড়ি সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন এটি আদতে পৃথিবীর সংসার ধর্মের আলয়ে। নবদ্বীপের রাসের ঐতিহ্য সম্পর্কে বলতে গিয়ে তাঁর অনুমান নবদ্বীপের রাসযাত্রা শুরুর দিকে অর্থাৎ প্রায় ৩০০ /৩৫০ বছর আগে পটে পুজো হতো। তারপর মূর্তির প্রচলন হয়। কিন্তু পটের গুরুত্ব কমে যায়নি। তা আজও চালচিত্র হয়ে বিরাজ করছে। আগামী দিনে এই চালচিত্রের ধারা কতটা থাকবে সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায় আগামী দিনে ফ্লেক্স আকারে চালচিত্র বেরোবে। কিন্তু হাতে আঁকা চালচিত্রের যে আত্মতৃপ্তি সেগুলো আর থাকবে না। হাতে আঁকা পটের মধ্যে শিল্পীর আবেগ জড়িয়ে থাকে। যা সাধারণ মানুষের মধ্যে সঞ্চারিত হয়। কম্পিউটার প্রিন্ট আউট করা ফ্লেক্স সেই ভাব প্রকাশ করতে পারবে না।

নবদ্বীপের নন্দীপাড়ার বর্ষীয়ান মৃৎশিল্পী লক্ষীকান্ত ধরের তৈরি চালচিত্রের চরিত্রগুলোর মধ্যে চলমান সত্তা লক্ষ করা যায়। অর্থাৎ তার তৈরি চালচিত্রের মধ্যে যে সব দৈবিক চরিত্রকে তিনি তুলির টানে প্রস্ফুটিত করেছেন সেই সব চরিত্রবিন্যাসের মধ্যে এক জীবন্ত চলমান সত্তা বিরাজ করছে। এই নাটকীয় শৈলী শিল্পীকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। পারিবারিক দিক থেকে পটুয়া না হওয়া সত্বেও নিজের চেষ্টায় ও যোগ্যতায় মৃৎশিল্পী হিসেবে প্রতিষ্ঠা অর্জন করেছেন তিনি।

এক সময় নবদ্বীপের একাধিক রাসযাত্রার প্রতিমার চালচিত্র নির্মাণ করলেও এ বছর আমফুলিয়ার শবশিবা মাতার চালচিত্র অঙ্কন করেছেন তিনি। চালচিত্র তৈরিতে তিনি গুঁড়ো রঙ ব্যবহার করে থাকেন। বাঁশ পাতার কাগজের উপর তিনি চালচিত্র অঙ্কন করেন। চালচিত্রের মধ্যে শিব-পার্বতীকে মধ্যিখানে অঙ্কিত করে তার দুই পাশে রাধা-কৃষ্ণ, কালী, বরুণ, চন্দ্র, নারায়ণ সহ অন্যান্য দেবতাদের অংকন করেছেন তিনি। এছাড়াও তাঁর চালচিত্র অঙ্কনের মধ্যে রামের বনবাস যাত্রা লক্ষ করা যায়। তাঁর তৈরি চালচিত্র চওড়ায় ১০ থেকে ১২ ফুট। প্রায় সাত দিন সময় লেগেছে একটি চালচিত্র তৈরি করতে। পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক সেভাবে পান না তিনি। সামান্য অর্থের বিনিময় তিনি এই কষ্টসাধ্য কাজ করে চলেন। চালচিত্র শিল্পের প্রতি ভালবাসার জন্যই সাধনার এই কঠিন পথ তিনি বেছে নিয়েছেন। চালচিত্র তৈরির পাশাপাশি তিনি মাটির প্রতিমা, সিমেন্ট ও ফাইবারের মডেল তৈরি করে থাকেন। ৬৪ বছর বয়সে এসেও একই দক্ষতায় তিনি চালচিত্র তৈরি করে চলেছেন।

উল্লেখ করা যেতে পারে তারাপদ সাঁতরা তার পশ্চিমবঙ্গের লোকশিল্প ও শিল্পী সমাজ গ্রন্থে চালচিত্রের প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে তিনি জানিয়েছেন যে পটের আরো একটি ধারা হল চালচিত্র। প্রতিমার পেছনে অর্ধ গোলাকৃতিভাবে এটিকে স্থাপন করা হয়। এর মধ্যে দেবদেবীদের চিত্র অঙ্কিত করা থাকে। প্রাচীনকালের পাথরের মূর্তির উপরিভাগে অর্ধবৃত্তাকারভাবে নানা ধরনের যে মোটিফ উৎকীর্ণ হত। অনুরূপভাবে চালচিত্রের মধ্যে সেগুলি অঙ্কিত হয়।
এই প্রতিবেদনে যাঁরা সহযোগিতা করেছেন তাঁরা হলেন নবেন্দু সাহা, রিয়া পোদ্দার, প্রতিম বয়াল

