fifty-years-of-tapan-sinha-harmonium

পঞ্চাশ বছরে তপন সিংহের ‘হারমোনিয়াম’

সম্প্রতি (গত ১৫ জানুয়ারি) তপন সিংহ নির্মিত জনপ্রিয় বাংলা ছায়াছবি, ‘হারমোনিয়াম’-এর সুবর্জয়ন্তী অর্থাৎ পঞ্চাশ বছর পূর্ণ হল। ওইদিন ছিল তপনবাবুর ১৭ তম প্রয়াণবার্ষিকীও। এই উপলক্ষে দক্ষিণ কলকাতার কলকাতা ফাউন্ডেশনের সভাঘরে তপন সিংহ ফাউন্ডেশন, বসু ফাউন্ডেশনের সহায়তায় আয়োজন করেছিল এক অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন হারমোনিয়াম ছবির অন্যতম নায়িকা সোনালী গুপ্ত, ভানু বন্দ্যোপাধ্যায়ের কন্যা বাসবী ঘটক বন্দ্যোপাধ্যায়, চিত্রপরিচালক শৈবাল মিত্র।

অনুষ্ঠানের প্রথমে বক্তব্য রাখেন তপন সিংহ ফাউন্ডেশনের সম্পাদক অরিজিৎ মৈত্র। তিনি বলেন, ‘ হারমোনিয়াম’ ছবির সঙ্গে যুক্ত বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলী, গায়ক-গায়িকাদের মধ্যে প্রায় সবাই চলে গিয়েছেন, রয়েছেন মাত্র চারজন। তাঁরা হলেন আরতি ভট্টাচার্য, সোনালী গুপ্ত, আরতি মুখোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লা।

সোনালী গুপ্ত তাঁর স্মৃতিচারণে বলেন, ‘কোথা দিয়ে পঞ্চাশটা বছর কেটে গেল, বুঝতেই পারলাম না! হারমোনিয়াম ছবিতে কাজ করতে গিয়ে যেমন বকুনি খেয়েছি তেমনই আনন্দ করেছি। পাশাপাশি কুমার রায়, ছায়া দেবী, অনিল চট্টোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়, কমল মিত্র, কালী বন্দ্যোপাধ্যায়, সন্তোষ দত্ত, স্বরূপ দত্ত, অরুণ মুখোপাধ্যায়, শমিত ভঞ্জ এবং অসিতবরণের মতো গুণী অভিনেতাদের সঙ্গে কাজ করেছি বলে নিজেকে ধন্য মনে করি।’

চিত্রপরিচালক শৈবাল মিত্র বলেন, ‘এই ধরনের ছবিগুলিকে ঠিকভাবে সংরক্ষণ করা প্রয়োজন। আমরা সত্যজিৎ, ঋত্বিক এবং মৃণাল সেনকে এবং তাঁদের কাজকে নিয়ে চৰ্চা করতে গিয়ে তপনবাবুর মত গুণী পরিচালকদের প্রায় ভুলে গিয়েছি, এটা খুব দুঃখের।

পরে হারমোনিয়াম ছবিটি প্রদর্শীত হয়।