নবাব মীর কাশিমের আমলে নজরানা বা রাজস্ব না দেওয়ার কারণে মহারাজা কৃষ্ণচন্দ্র রায় মুঙ্গেরে বন্দী হন (১৭৬২–১৭৬৩ সাল)। তার আগেও অবশ্য মহারাজ বন্দী হয়েছিলেন (১৭৫৪ সাল) বকেয়া রাজস্ব বাকি থাকার কারণে নবাব আলীবর্দী খাঁর হাতে। মুঙ্গের কারাগার থেকে ছাড়া পেয়ে নৌকায় কৃষ্ণনগরে ফেরার পথে তিনি দেখেন বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন চলছে। ঢাকের বোল শোনা যাচ্ছে। তখন মাঝি-মল্লাদের কাছে জিজ্ঞেস করে জানতে পারেন সেদিন পুজোর বিসর্জন পর্ব। সে বছরের মত দুর্গাপুজো শেষ হয়েছে। কৃষ্ণনগর রাজবাড়িতে মহা সমারোহে দুর্গাপুজো হতো, মহারাজা সেখানে উপস্থিত হতে না পারায় অত্যন্ত ব্যথিত হলেন। ঠিক এমন এক সময় রাতে মহারাজ কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পান। দৈবাদেশে নির্দেশ আসে মৃন্ময়ী দেবী কার্তিকী শুক্লা নবমীতে একদিনে ‘জগদ্ধাত্রী’ রূপে তাঁর পূজা গ্রহণ করবেন। পরদিন হবে বিসর্জন উৎসব। নদীয়ারাজ কৃষ্ণচন্দ্রর রাজবাড়িতে সারা বছরই নানা দেবদেবীর আরাধনা হয়। তবে এরসঙ্গে সংযোজিত হয়েছিল বিখ্যাত জগদ্ধাত্রীপূজা। তা নিয়ে রয়েছে বহু মতান্তর, অনেকেই বিশ্বাস করেন নবাব আলীবর্দী খাঁর হাতে মুক্তি পাবার পর তিনি কৃষ্ণনগর ফেরবার পথে দৈবাদেশ পান। জগদ্ধাত্রীপূজার সূচনা, দেবীর মৃন্ময়ী রূপের কল্পনা এবং আরাধনার শাস্ত্রীয় ভিত্তি নিয়েও রয়েছে নানা মত ও জনশ্রুতি।

বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসে জগদ্ধাত্রীপুজোর একটি বিশেষ স্থান রয়েছে। দেবী দুর্গার আরেক রূপ জগদ্ধাত্রী, যিনি সমগ্র জগৎকে ধারণ করে রেখেছেন। নবাবি আমলে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে কৃষ্ণনগরের জগদ্ধাত্রীপূজার প্রচলন ও প্রসারের ইতিহাস। শূলপাণির ‘কালবিবেক’ গ্রন্থে কার্তিক মাসের শুক্লা নবমীতে জগদ্ধাত্রীর প্রাচীনতম উল্লেখ পাওয়া যায়। তাঁর রূপের বর্ণনা মূলত তন্ত্রশাস্ত্র মেনেই হয়েছিল। যার সঙ্গে উপনিষদীয় যোগসূত্র রয়েছে। অনেক গবেষকদের কাছে মনে হয় নদিয়াধিপতি কৃষ্ণচন্দ্র একমাত্র নন, তার আগেও মহাশক্তি দেবীর সম্পর্কে শাস্ত্রীয় পন্ডিতরা অবগত ছিলেন।
মহারাজা কৃষ্ণচন্দ্র ছিলেন অত্যন্ত ধার্মিক। তাই নবাবের বকেয়া অর্থ আজ ওমুক উৎসব, কাল দশহারা, এরপর অন্য উৎসব বা পুজো এসকল বলে নানা অছিলায় রাজস্ব দিতে দেরি করেছিলেন। ফলে অল্প দিনের মধ্যেই তিনি বন্দী হন। আদেশ ছিল, প্রাণদণ্ডের। নবাব নদীয়ার মহারাজার সঙ্গে জগৎ শেঠ, রাজা রাজবল্লভ, রায়দুর্লভ এবং আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে বন্দী করেছিলেন। ইংরেজদের সাথে গোপন আঁতাতের সন্দেহের কারণও এরসঙ্গে ছিল। মহারাজ কৃষ্ণচন্দ্র নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইংরেজদের পক্ষ নিয়েছিলেন। অনেক ঐতিহাসিক মনে করেন, সিরাজউদ্দৌলার কূটনৈতিক অদূরদর্শিতা, প্রবীণ ও অভিজ্ঞ সভাসদদের প্রতি আচরণ ছিল অসহিষ্ণু। এতে কাছের মানুষরাই ক্ষুব্ধ হন। ফলে কৃষ্ণচন্দ্র ইংরেজদের পক্ষ নেন। এদিকে মুঙ্গের দুর্গ ইংরেজ আক্রমণের ফলে কৃষ্ণচন্দ্র সেযাত্রায় প্রাণ রক্ষা পায়। তিনি কৃষ্ণনগরে ফিরলেন। দেবীর আদেশ অনুসারে জগদ্ধাত্রী পুজো করলেন। এখানে মনে রাখতে হবে তিনি কিন্তু রাজবাড়িতে সর্বপ্রথম মঙ্গল ঘট স্থাপন করে পুজো করেছিলেন। বেশ কয়েক বছর ঘটেই পুজো হয়। তখন দেবী মূর্তির রূপতত্ত্ব মহারাজের জানা ছিল না। তখন নানা মত তৈরি হয়।

নবদ্বীপাধিপতি রুদ্র রায় ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের পূর্বপুরুষ। রুদ্র রায় প্রথম মাটিয়ারি থেকে বর্তমান কৃষ্ণনগরে রাজধানী স্থানান্তর করেন। সেখানে এসে রাজবাড়ি নির্মাণ করেন। সেখানে ছিল গোপালকদের বসতি। শ্রীকৃষ্ণের নামানুসারে নামকরণ করেন কৃষ্ণনগর। এই রুদ্র রায় শান্তিপুরে ব্রহ্মশাসন গ্রামে একশো আটঘর নিষ্ঠাবান ও সুপণ্ডিত ব্রাহ্মণকে জমি দান করেছিলেন। ব্রাহ্মণদের ঘিরে এই গ্রাম বলেই এই স্থানের নাম হয় ব্রহ্মশাসন গ্রাম। ভাগীরথী নদীর তীরবর্তী এই গ্রামে পণ্ডিত রামভদ্র তর্কসিদ্ধান্তের হাত ধরে ধাত্রীগ্রামে জগদ্ধাত্রী আরাধনা শুরু হয়েছিল। ব্রহ্মশাসনে একসময় বাস করতেন চন্দ্রচূড় তর্কচূড়ামণি নামে এক ব্রাহ্মণ তান্ত্রিক। কথিত আছে, তিনি বাংলায় সর্বপ্রথম দেবী জগদ্ধাত্রীর মূর্তিরূপ প্রচার করেছিলেন।

দেবীর রূপ নিয়ে দুটি মত বিশেষভাবে প্রচলিত আছে। মহারাজা কৃষ্ণচন্দ্র দেবী জগদ্ধাত্রীর রূপ কেমন হবে? দেবীর বীজ মন্ত্র কি? এ নিয়ে বিশেষ চিন্তিত ছিলেন। তখন ব্রহ্মশাসন গ্রামে চন্দ্রচূড় তর্কচূড়ামণি পঞ্চমুন্ডির আসনে ধ্যানস্থ অবস্থায় দেবীর ঊষা বর্ণ রূপ দর্শন পেয়েছিলেন। এরপরেই সেই রূপ মূর্তি রূপে পুজো হয়। তবে অন্যমতে, মহারাজ কৃষ্ণচন্দ্র আনুমানিক ১৭৮৩ সালে মৃত্যুর পরবর্তীতে তাঁর প্রোপৌত্র গিরিশচন্দ্রের সময় চন্দ্রচূড় তর্কচূড়ামণি দেবী জগদ্ধাত্রীর ত্রিনয়না, চতুর্ভুজা, ঊষা বর্ণের মত রূপ ধ্যানস্থ অবস্থায় দেখতে পান। যিনি জগৎকে ধারণ করে আছেন। এরপরেই নদিয়া রাজ বংশের চেষ্টায় সেই জগদ্ধাত্রীর রূপ রাজবাড়ি থেকে সর্বত্র প্রচারিত হয়। ব্রহ্মশাসন গ্রামে প্রথম চন্দ্রচূড় তর্কচূড়ামণি মাটি দিয়ে দেবী মূর্তি নির্মাণ করেছিলেন। মোহিত রায় সম্পাদিত ‘নদিয়া কাহিনী’ বইতে বিশেষ এই তথ্যটি আলোচিত হয়েছে।

কৃষ্ণনগর রাজপরিবারের বর্তমান সদস্যরা আজও প্রাচীন রীতিনীতি ও নিষ্ঠা মেনে রাজবাড়ির পঙ্খের কারুকার্য করা নাটমন্দিরে এই পুজোর আয়োজন করেন। দেবী দুই দিকে পা ছড়িয়ে সিংহের পিঠে আসীন। যেন যুদ্ধে রয়েছেন। সিংহের গায়ের রং হয় সাদা। আর মুখের গড়ন ঘোড়ার আদলে তৈরি। পুজোর পর রাজবাড়ী থেকে দশমীর দিন মঙ্গলঘট বিসর্জনের পর শোভাযাত্রা বের হয়। রাজবাড়ি সংলগ্ন রাজারদিঘিতে প্রতিমাকে নিরঞ্জন করা হয়। কৃষ্ণনগরের বিভিন্ন প্রতিমা জলঙ্গি নদীতে নিরঞ্জন হয়। কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী প্রতিমা রাজারদিঘিতে নিরঞ্জন হয়।
সময়ের পরিবর্তন ঘটেছে, কিন্তু ইতিহাস ও লোকবিশ্বাসের মেলবন্ধনে গড়ে ওঠা কৃষ্ণনগর রাজপরিবারের এই আরাধনা আজও বাংলার সাংস্কৃতিক উত্তরাধিকারের এক উজ্জ্বল অধ্যায়।
সূত্র:
১) মোহিত রায় সম্পাদিত, নদীয়া কাহিনী।
২) west bengal census handbook: Nadia 1961।
৩) কৃষ্ণনগর কলেজ পত্রিকা।
৪) শিক্ষকবার্তা পত্রিকা।
ছবি: লেখকের নিজস্ব

