bengali kabita

সাইরেন

যখন শব্দ তিরোহিত,
যখন আদরিণীর মতো অন্ধকার
পরাজিত রাতের শরীরে দেয়
নৈঃশব্দ্যের লুকোনো আরাম

যখন আমাদের মধ্যে খেলা ক’রে নির্জন শূন্যতা , আর
বিসর্জনের শেষে ফাঁকা মণ্ডপে জ্বলে একলা পিদিম

যখন মুহূর্ত মানে শ্বাসবায়ুর সন্ধানে ব্যস্ত উপত্যকা
আর শান্তি মানে একটি পাখির ঘরে ফেরার তাগিদ

যখন খাদের ধারে বুঝে যাই আর ফেরা যাবে না কখনো
এবং গভীর থেকে জেগে ওঠা নজর তাকায় স্থিরচোখে

তখন আমি জানি তুমি ঠিক রয়েছ অদূরে একা
আর এক্ষুনি রাহা ধরে ছুটে যাবে বিতত সাইরেন !